কুমিরা ঘাটের মুখে জাহাজের টুকরো, নৌ-চলাচলে ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কুমিরা ঘাটের কাছে খালের মুখে অর্ধেক ডুবন্ত অবস্থায় পড়ে আছে বিবিসি শিপ ব্রেকিং ইয়ার্ডের ছোট-বড় লোহার টুকরা। খালের মুখে ডান পাশে ভাসছে ইয়ার্ডটির দুটি পুরোনো জাহাজ। সাগরে পূর্ণ জোয়ার থাকলে এসব লোহার টুকরা দেখা যায় না। ফলে একদিকে যেমন পলি জমছে তেমনি নিরাপত্তাহীন হয়ে পড়ছে নৌ-চলাচল। ডুবন্ত লোহার টুকরার সঙ্গে নৌযানের ধাক্কা লেগে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সরেজমিনে দেখা গেছে, বিবিসি শিপ ব্রেকিং ইয়ার্ডের অবস্থান ঘাটের সঙ্গে লাগোয়া। ঘাটের খালের মুখে দুই পাশে রয়েছে আরও শিপইয়ার্ড। ফলে নৌ-চলাচলের পথটি সংকুচিত হয়ে পড়েছে। এ ছাড়া কুমিরা ঘাটের উল্টো দিকে সমুদ্রের অংশে নির্মাণাধীন পাকা দেয়ালও নৌ-চলাচলে বিঘ্নিত করছে। গত বুধবার সাগরে দেয়াল নির্মাণ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। জানা গেছে, এ ঘাট দিয়ে কুমিরা ও সন্দ্বীপের গুপ্তছড়ার মধ্যে প্রতিদিন জাহাজ ও ট্রলারে করে শত শত মানুষ চলাচল করে। পণ্যসামগ্রীও পরিবহন করা হয় এ পথে। সুতরাং এ পথে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।বিবিসি শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক এম এ কাশেম ওরফে রাজা কাশেম বলেন, ‘আমি ইজারা নিয়ে এখানে জাহাজ কাটছি। দেয়ালও নির্মাণ করেছি ইজারা নিয়ে।’সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ বলেন, ‘সাগরে দেয়াল নির্মাণের জায়গাটি মাপজোকের উদ্যোগ নিয়েছি। মেপে দেখতে হবে, উনি ব্যক্তিমালিকানাধীন নাকি সরকারি জায়গায় দেয়াল তুলেছেন। নৌ-চলাচলের মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সেটাও আমরা দেখব।’জানা গেছে, বর্তমানে এ ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী পারাপার করে। কিছু শিপইয়ার্ডের মালিক নিজেদের স্বার্থে কুমিরা ঘাটে জাহাজ চলাচলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। জাহাজ চললে ঘাটে পন্টুন দিয়ে জেটি নির্মাণ করতে হবে। জেটি নির্মিত হলে ঘাটের আশপাশের শিপইয়ার্ড সরিয়ে নিতে হবে। তাই শুরু থেকেই বড় জাহাজ চলার বিরোধিতা করছেন স্থানীয় ইয়ার্ডের মালিকেরা। তাঁদের পক্ষ নিয়ে স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেম দেনদরবার শুরু করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ পাওয়া গেছে, জাহাজ চালুর দাবি জানিয়ে আসা সন্দ্বীপ অধিকার সংরক্ষণ সমিতির নেতাদেরও সাংসদ কাশেম ধমক দেন। গত ১৯ ডিসেম্বর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কুমিরা ঘাট পরিদর্শনের সময় এ ধমক দেওয়া হয়। সাংসদ এ চ্যানেলে কখনো জাহাজ চলত না বলে মন্ত্রীকে জানান। এ সময় সমিতির সভাপতি জসিম উদ্দিন সাংসদের কথার প্রতিবাদ করলে তিনি তাঁকে ধমক দিয়ে বলেন, ‘তুমি শিপইয়ার্ডের ক্ষতি করেছ।’ পরে সাংসদ ও শিপইয়ার্ড মালিকদের অনুসারীরা জসিমকে একটি কক্ষে আটকে রাখেন। এ নিয়ে তখন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।জসিম উদ্দিন বলেন, ‘শিপইয়ার্ড মালিক ও সন্দ্বীপের কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এখানে জাহাজ চালুর বিরোধিতা করছেন। তাঁদের বিরোধিতার কারণ, জেটি হলে তখন আশপাশে ইয়ার্ড থাকতে পারবে না। এখানে আগে জাহাজ চলত—মন্ত্রীকে এ তথ্য জানানোয় আমি ধমকও খেয়েছি।’ তিনি বলেন, ‘ইয়ার্ডের জাহাজ ও টুকরোর কারণে দিন দিন পলি জমার পাশাপাশি নৌ-চলাচল নিরাপত্তাহীন হয়ে উঠছে।’জানা গেছে, গত নয় বছরে এ রুটে নৌ-দুর্ঘটনায় ১৭০ জন প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে সন্দ্বীপের সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমানের মা-বোনসহ একই পরিবারের সাতজন রয়েছেন।