কুমিরের বাচ্চাসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা থানার কাছে একটি বাসে অভিযান চালিয়ে কুমিরের বাচ্চাসহ আনোয়ারুল ইসলাম সরকার নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গতকাল শনিবার আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে যশোরের বিচারিক আদালত কুমিরটি পানিতে অবমুক্ত ও অনোয়ারকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কুমিরটি সুন্দরবনের করমজল এলাকার জঙ্গলের ভেতরের নোনা পানিতে অবমুক্ত করা হবে বলে জানা গেছে। আনোয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ঢাকা ক্যাম্পাসের সম্মান শ্রেণীর ছাত্র। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিত্রি গ্রামে। তাঁর বাবার নাম শওকত আলী সরকার।পুলিশের ভাষ্যমতে, আনোয়ার শনিবার বাজারের ব্যাগে ভরে দুই ফুট লম্বা একটি কুমিরের বাচ্চা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি যশোরের ঝিকরগাছা থানার কাছে পৌঁছালে পুলিশ ওই ব্যাগ তল্লাশি করে কুমিরসহ আনোয়ারকে আটক করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে। বন বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা সাইদুর রশিদ প্রথম আলো ডটকমকে বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে আলামত হিসেবে কুমিরসহ আনোয়ারকে আদালতে পাঠানো হয়। আদালত কুমিরটি অবমুক্ত করার জন্যে নির্দেশ দিলে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দীন আহম্মেদের কাছে পাঠানো হয়। সন্ধ্যায় জহির উদ্দীন আহম্মেদ প্রথম আলো ডটকমকে বলেন, কুমিরটি নোনা পানির। এ জন্য সুন্দরবনের করমজল এলাকার জঙ্গলের ভেতর এটি অবমুক্ত করা হবে।