কুমিল্লা, গাজীপুর, টাঙ্গাইল, নাটোর ও শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৫৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর, কুমিল্লার দাউদকান্দি, গাজীপুর সদর, নাটোরের লালপুর উপজেলা এবং গাজীপুরের শ্রীপুরে আজ মঙ্গলবার পৃথক ছয়টি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং অন্তত ৫৯ জন আহত হয়েছে।মির্জাপুর (টাঙ্গাইল): আজ বেলা সোয়া ১১টার দিকে মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় ট্রাকের চাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন জসিম (২১) ও সুজত (১৮)। তাঁরা মির্জাপুরের জামুর্কি ইউনিয়নের বানিয়ারা গ্রামের বাসিন্দা। গুরুতর আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে পাকুল্লা এলাকায় যাচ্ছিলেন। আছিমতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু এবং একজন আহত হয়। গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার গাজীপুর নামক স্থানে আজ সকাল আটটার দিকে গোমতী এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। বাসটি কুমিল্লার আসমানিয়া থেকে ঢাকা যাচ্ছিল। এতে বাসের যাত্রী আসমা বেগম (৬৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি কুমিল্লার তিতাস উপজেলার রতনপুর গ্রামের রিয়াজ উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় বাসের অপর ১২ জন যাত্রী আহত হয়। তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নন্দনকান্তি ধর জানান, সকালে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ বাসটি রাস্তা থেকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।একই মহাসড়কের জিঙ্গাতলী এলাকায় ঢাকাগামী বিলাত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ছয়জন যাত্রী আহত হয়। তাদেরও দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় আজ সকাল সাড়ে আটটার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নন্দন পার্কগামী সুপার সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নবীনগরগামী আরেকটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো জ-১৪-৮৭৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়। আহত ব্যক্তিদের বিভিন্ন স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ আজহারুল ইসলাম জানান, সংঘর্ষে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।লালপুর (নাটোর): নাটোরের লালপুরে আজ সকালে একটি ভটভটি ভেঙে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।লালপুর হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহীর বাঘা উপজেলা থেকে লালপুর যাওয়ার পথে লালপুর থানার সামনে একটি ভটভটির সামনের অংশ হঠাত্ ভেঙে যায়। এতে ভটভটির যাত্রী রবেজান বেওয়া (৬৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত হায়েত আলীর স্ত্রী। এ ঘটনায় নিহত রবেজানের নাতনী পপি (১৩) ও সাদিয়াসহ (১০) পাঁচজন আহত হয়। আহতদের লালপুর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।শ্রীপুর (গাজীপুর): ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় আজ মঙ্গলবার বেলা একটার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।নিহত ব্যক্তিরা হলেন কেরামত আলী (৫২), ময়মনসিংহের ভালুকা উপজেলার বারশ্রী গ্রামের জমির উদ্দিন (৩৮) ও অজ্ঞাতনামা একজন (৩২)। মাওনা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।