কুমিল্লা ও চট্টগ্রামে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লার বরুড়া ও দাউদকান্দি উপজেলায় এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১৯ জন গুরুতর আহত হয়েছে।আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এবং দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।দাউদকান্দি প্রতিনিধি জানিয়েছেন, আজ বিকেল তিনটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাজীপুরে একটি বাসের সামনের চাকা ফেটে যায়।এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মিথিলা (৬) নামের একজন শিশু নিহত এবং ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়। আহত যাত্রীদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকি ১৪ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।নিহত মিথিলার লাশ এখনো দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল আলম বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।বরুড়া প্রতিনিধি জানিয়েছেন, কুমিল্লার বরুড়া উপজেলার দীঘলগাঁও নামক স্থানে আজ মঙ্গলবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (১৮) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।উপজেলার বরুড়া-কুমিল্লা সড়কে যাত্রীবাহী বলাকা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সাইকেলের চালক মনিরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালক মনির নিহত হন। নিহত মনির সুলতানপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।বলাকা পরিবহনের ওই বাস ও বাসচালককে স্থানীয় জনগণ আটক করে এবং বরুড়া-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেনের মধ্যস্থতায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করে নিলে যান চলাচল শুরু হয়।রাঙ্গুনিয়া প্রতিনিধি জানিয়েছেন, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বিকেল তিনটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের খাঁর মসজিদ এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক সোহেল ঘটনাস্থলে মারা যান। নিহত সোহেল রাউজান উপজেলার বদুপাড়া ইউনিয়নের গরিবউল্লাহ পাড়ার আবদুস সবুরের ছেলে।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে। থানায় এ ব্যাপারে একটি মামলা হচ্ছে।