কুমিল্লা ও নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
কুমিল্লা ও নাটোর জেলায় আজ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। কুমিল্লা: চান্দিনা উপজেলায় বাস স্ট্যান্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ ভোরে ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, বাসের চালক চট্টগ্রামের লোহাগড়ার সেলিম আহাম্মেদ (৪৫), চট্টগ্রামের সন্দীপের মাইজভাঙ্গা গ্রামের ভান্ডারি শিল্পী মাসুদ হাসান (২৮) ও ইউসুফ (২২)। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।নাটোর: বড়াইগ্রাম উপজেলার ঢাকা-নাটোর মহাসড়কের রাঠুরিয়া নামক স্থানে একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। তাঁরা হলেন—আনোয়ার হোসেন (৩৫) ও রুহুল আমিন (৩২)।জানা গেছে, আজ সকাল সাতটার দিকে মহাসড়কের রাঠুরিয়া নামক স্থানে ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাক মোটর সাইকেলকে চাপা দেয়। এতে আনোয়ার ঘটনাস্থলে এবং রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে রুহুলের মৃত্যু হয়।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের বাড়ি বনপাড়া এলাকায়।