কুমিল্লা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
কুমিল্লা ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ শনিবার পাঁচজনের মৃত্যু হয়েছে। কুমিল্লা: পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন সৈয়দপুরে আজ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়। ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাসটি কুমিল্লা-নোয়াখালী সড়কে সৈয়দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বাস ও ট্রাক আটক করেছে। এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।মানিকগঞ্জ: আমাদের মানিকগঞ্জ সংবাদদাতা জানান, জেলার শিবালয় উপজেলার রূপসা-মাচাইন সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কোহিনুর ইসলাম (৩০) নামেন একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আয়নাল হোসেন (২৮) নামের মোটরসাইকেলের অপর চালক। আজ বেলা ১১টার দিকে সড়কের খানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ময়নাতদন্তের জন্য কোহিনুরের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের বাড়ি শিবালয় উপজেলার আরুয়া গ্রামে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।