কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ভবনে আবার তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে তাঁর প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকেরা। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে প্রশাসনিক ভবনে প্রবেশের একমাত্র ফটকে তালা দিয়ে এর সামনে অবস্থান নেন তাঁরা। এর আগেও তালা দেওয়ার এমন একাধিক ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয়ের সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপাচার্য আমির হোসেন খানের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে এর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষকেরা আজ প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন। এতে ওই ভবনে কেউ প্রবেশ করতে পারেনি। সকাল থেকে উপাচার্য, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম বন্ধ রয়েছে।আজও বিশ্ববিদ্যালয়ে যাননি উপাচার্য। সংকট নিরসনে তিনি কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষকেরা। আগামী ২৩ নভেম্বর তাঁর চার বছরের মেয়াদ শেষ হবে। আন্দোলনরত শিক্ষকদের মুখপাত্র ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইনুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘উপাচার্য শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দিনের পর দিন টালবাহানা করছেন। শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে নিজে নানান অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করেছেন। এর প্রতিকার চেয়ে বেশ কয়েকবার আমরা তাঁর কাছে গিয়েছি। কিন্তু এতে তাঁর সাড়া পাওয়া যায়নি। আমরা তাঁর অনিয়মের বিচার চাই।’আইনুল হক বলেন, ‘শেষ মুহূর্তে তিনি যাতে আর নিয়োগ-বাণিজ্য ও অনিয়ম করতে না পারেন, এ জন্য আমরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছি। তাঁর আমলে আর কোনো অবৈধ নিয়োগ ও পদোন্নতি দেখতে চাই না।’উপাচার্য আমির হোসেন খান বলেন, ‘শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা চলছে। আমি বাসভবনে আছি, প্রশাসনিক ভবনে যাইনি। প্রশাসনিক ভবনে তালা দেওয়ার কথা শুনেছি।’ উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে ৯ জুলাই থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সরকার-সমর্থক শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকেরা।