কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেননি অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি যানবাহন বিকল হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শুক্রবার ৬০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা দিতে পারেননি অনেক শিক্ষার্থী।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা দলিলুর রহমান গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, যানজটের কারণে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। চার হাজার ৯৫১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার হাঁড়িখোলা পালকি সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায় চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক। ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিতে রাত একটা বেজে যায়। এই দুই ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে দাউদকান্দি উপজেলার ধীতপুর থেকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়।যানচলাচল স্বাভাবিক হতে না-হতেই গতকাল বেলা ১১টার দিকে চান্দিনা সদরে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এর ঘণ্টা খানেক পর মেঘনা গোমতী সেতুর ওপর বিকল হয় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান। সেতুর ওপর থেকে কাভার্ড ভ্যানটি আধা ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া সম্ভব হয়। কিন্তু চান্দিনায় বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিতে অনেক সময় লাগে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ে রোগী, নারী, শিশু ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়। সকাল ১০টা, দুপুর ১২টা এবং বেলা তিনটায় এসব পরীক্ষা হয়। দিনভর যানজটের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে রওনা করা কয়েক হাজার ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। বিকেলে কিছু পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়ে আবার পরীক্ষা নেওয়ার অনুরোধ জানান। কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আর পরীক্ষা নেওয়া সম্ভব নয়।পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ঢাকার যাত্রাবাড়ী থেকে কুমিল্লায় যান তানজিম মেহেদি। তিনি প্রথম আলোকে বলেন, ‘সি ইউনিটে আমার পরীক্ষা ছিল দুপুর ১২টায়। ঢাকা থেকে কুমিল্লা পৌঁছাতে সাধারণত দুই ঘণ্টা লাগে। কয়েক ঘণ্টা হাতে রেখে ভোর ছয়টায় সায়েদাবাদ থেকে বাসে উঠি। যানজটে আটকা পড়ায় কুমিল্লার কোটবাড়ী পর্যন্ত পৌঁছাতেই দুপুর একটা বেজে যায়।’ তিনি জানান, একই বাসে আরও ৪০ জন ভর্তি পরীক্ষার্থী ছিলেন। দাউদকান্দির চক্রতলা গ্রামের চাকরিজীবী মীর হোসেন বলেন, ‘রাত ১০টায় চট্টগ্রাম থেকে বাসে উঠি। দাউদকান্দির গৌরীপুরে পৌঁছাতে বেলা সাড়ে ১১টা বেজে যায়।’ স্টারলাইন পরিবহনের একটি বাসের চালক সেকান্দর মিয়া বলেন, তিনি বাস নিয়ে ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ভোর পৌনে ছয়টায়। যানজটে আটকা পড়ায় কুমিল্লা বিশ্বরোড থেকে দাউদকান্দি বিশ্বরোড পর্যন্ত ৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে ছয় ঘণ্টা। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট আনোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় জানান, যানজট অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।হাইওয়ে পুলিশের (পূর্বাঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার নাথ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতের ঘটনার পর গতকাল দুই স্থানে যানবাহন বিকল হয়ে যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর ওপর গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় মহাসড়কে যানবাহনের চাপ বেশি ছিল।