কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে ৬ দশমিক ১৪ শতাংশ
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস বলেছেন, ‘বোর্ডের সার্বিক ফলাফলে আমি খুশি। মুখস্থনির্ভরতা পরিহার, অভিভাবকদের সচেতনতা আর ব্যবস্থাপনা কমিটির শিক্ষাবান্ধব উদ্যোগ থাকলে বোর্ডের ফল আরও ভালো হবে।’আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস এ মন্তব্য করেন।এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৫৪ হাজার ৫৩৪ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাস করেছে ৩৯ হাজার ৪৪৪ জন। পাসের হার ৭৩ দশমিক ১৩। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৬৮ জন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৬ দশমিক ৯৯ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬০১ জন। এবার পাসের হার বেড়েছে ৬ দশমিক ১৪ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে ৫৬৭টি। কুমিল্লা শিক্ষা বোর্ডের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম তিনটিসহ আটটি প্রতিষ্ঠানই কুমিল্লা জেলার।সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মমিনুল হক চৌধুরী এ বিষয়ে বলেন, ‘এ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে পড়াশোনার গতি রয়েছে। অভিভাবক, শিক্ষক ও পরিবারের সদস্যরা সচেতন ছিল বলেই ওই ভালো ফল হয়েছে। এখন উচ্চশিক্ষায় শিক্ষার্থীরা চান্স পেলেই এর সার্থকতা থাকবে।’ সার্বিক বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস আরও বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে মেয়েরা ভালো ফল করেছে। তবে বিজ্ঞান বিভাগে পাসের হার একটু কমেছে। সব মিলিয়ে কুমিল্লা বোর্ডের সার্বিক ফলাফল সন্তোষজনক ।’