কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে ‘জোড়াতালি’
কোথাও পিচ উঠে গেছে, কোথাও বড় গর্ত। কোথাও ইট-বালু, মাটি আর পুরোনো সেতুর প্লেটের সাহায্যে সড়ককে যানবাহন চলাচলের উপযোগী রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষায়, ‘জোড়াতালির’ মেরামত। এ সড়কের বেশ কিছু সেতু ও কালভার্টের দুই পাশে ঝুলছে ‘বিপজ্জনক’ লেখা সাইনবোর্ড।এমন দশা কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড পর্যন্ত ৮২ কিলোমিটার দীর্ঘ সড়কের। এ সড়ক দিয়েই চলছে পণ্যবাহী ট্রাক, বাসসহ অন্যান্য যানবাহন। গত শুক্রবার ওই সড়ক ঘুরে এসব দেখা গেছে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বরাদ্দ না থাকায় অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় রক্ষণাবেক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ এ সড়ক চালু রাখা হয়েছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একমাত্র বিকল্প এ সড়ক নির্মিত হয় প্রায় ৬০ বছর আগে। সড়কের ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল, আহরন্দ, তিন লাখ পীর, কুমিল্লার সংচাইল, মকিমপুর ও কোম্পানীগঞ্জের গোয়ালনগর সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ।সরেজমিনে দেখা যায়, রামরাইল সেতুর কাছে চাকা বসে যাওয়ায় একটি ট্রাক পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ও সড়কের দুরবস্থার কারণে এমন ঘটনা প্রায়ই ঘটে। ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষিত সেতুর পাশে বিকল্প বেইলি সেতুও এখন চলাচলের অনুপযোগী। এটি দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ। সড়ক চালু রাখতে দুই সেতুর মাঝে নির্মিত বিকল্প সড়কও ভারী যানবাহনের কারণে মাঝেমধ্যে দেবে যায়।ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ইউনিয়নের আহরন্দ এলাকায় সেতুর কাছে দেখা যায় দীর্ঘ যানজট। সেখানে পরিত্যক্ত সেতুর ওপর নির্মিত বেইলি সেতুর কয়েকটি পাটাতন ভেঙে পড়েছে।সেতু পার হতে অপেক্ষমাণ কুমিল্লা ট্রান্সপোর্টের বাসের চালক ফজর আলী বলেন, এই সেতু পার হতে আটকে থাকতে হয় দীর্ঘ সময়। খারাপ রাস্তার কারণে কুমিল্লা থেকে সিলেট যেতে দেড়-দুই ঘণ্টা বেশি লাগে। ঝুঁকিপূর্ণ সেতুর কারণে যেকোনো সময় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তন্তর বাজারে ইট-বালু ফেলে সড়কে কোনোমতে যান চলাচল চালু রাখার চেষ্টা করা হচ্ছে। বাজারের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সজল কুমার ও রিকশাচালক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।কুমিল্লা থেকে ৪৮ কিলোমিটার দূরে মকিমপুরের সেতুতে গিয়ে দেখা যায়, বাস ও ট্রাকগুলো সেতুতে উঠছে ঝুঁকি নিয়ে। বাসচালক জহুরুল হক বলেন, এখানকার পুরোনো সেতু ভেঙে পড়ে ছয় মাস আগে। পরে সেতুর ওপর বেইলি সেতু নির্মাণ করা হলেও ঝুঁকি কমেনি। কুমিল্লার শংচাইলে সেতুর ভাঙা অংশে পুরোনো সেতুর প্লেট রেখে কয়েক বছর ধরে চলছে।কুমিল্লা শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে দেবীদ্বারের বিংলাবাড়ীতে সড়কে গভীর গর্ত। মাটি আর পুরোনো সেতুর লোহার প্লেট ফেলে চলাচল-উপযোগী রাখার চেষ্টা চলছে। মাঝেমধ্যে এখানে ট্রাকসহ বিভিন্ন যান উল্টে যায়।বিংলাবাড়ীর বাসিন্দা রুহুল আমিন ভূঁইয়া, নাসির উদ্দিনসহ কয়েকজন অভিযোগ করেন, ভারী যানবাহন চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সামান্য বৃষ্টিতেই পিচ উঠে যায়।কুমিল্লার কালিকাপুরে সড়কের ওপর পিচের চিহ্ন এখনো কিছু আছে। বোঝা যায়, বড় গর্তগুলো মেরামত করা হয়েছে। কোম্পানীগঞ্জ থেকে কংসনগর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার অংশের একই অবস্থা। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষায় সড়কে বড় বড় গর্ত হয়েছিল। ঈদের পর মেরামত করা হয়েছে। কিন্তু দুই মাসেই অনেক স্থানের পিচ উঠে গেছে।কালিকাপুর বাজারের চায়ের দোকানি তারু মিয়া বলেন, জোড়াতালির মেরামতের কয়েক দিনের মধ্যে সড়ক আবার খারাপ হয়ে যায়।সওজের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, জরুরি পুনর্বাসন প্রকল্পের আওতায় সড়কটি উন্নয়নে ১০ কোটি টাকার কাজের দরপত্র হয়েছে। কোরবানির ঈদের পর এর আওতায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ঝুঁকিপূর্ণ অংশে কাজ হবে। অন্য প্রকল্পের অধীনে সেতুগুলোর উন্নয়নকাজ হবে।সওজের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বরাদ্দের অভাবে এ সড়কে বিশেষ কোনো উন্নয়ন হয়নি। বিভাগীয়ভাবে রক্ষণাবেক্ষণের মাধ্যমে সড়কটি চালু রাখা হয়েছে। তবে সড়কে যান চলাচল বন্ধ হবে না। ময়নামতি থেকে সরাইল পর্যন্ত সড়ক উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ‘সাব-রিজিওনাল কানেকটিভিটি ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।সওজের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়মিতভাবে মেরামতকাজের মাধ্যমে সড়কটি চালু রাখা হচ্ছে। এ সড়কে অতিরিক্ত ভার নিয়ে যান চলাচল করে। ওপর থেকে সংস্কার করলেই হবে না, সড়কটি টিকিয়ে রাখতে বড় প্রকল্প নিতে হবে।