কুমিল্লা মেডিকেল কলেজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বুধবার রাতে কলেজে ছাত্রলীগ সমর্থিত দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিভিন্ন বর্ষের পরীক্ষা চলবে। শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। বৈঠকে হামলার ঘটনায় সার্জারি বিভাগের অধ্যাপক ফারুক আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এ ব্যাপারে কলেজের উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সকাল ১০টায় কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ সাহারা খাতুনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। বৈঠকে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটিকে শিগগিরই প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।জানা গেছে, কুমিল্লা মেডিকেল কলেজে লিও ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল শিক্ষার্থী বুধবার রাত ১০টার দিকে মেডিসিন ক্লাবের সদস্য সাইফুল ইসলামকে মারধর করেন। প্রতিবাদে মেডিসিন ক্লাবের সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে লিও ক্লাবের সদস্য রাজীব কুমার দাস, দুর্লভ, সাদিক, জনি, মুরশিদসহ কমপক্ষে ১০ জনকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কেন এই হামলা: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখার নির্বাচনে স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে স্বাচিপের বিদ্রোহী সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান প্যানেল পরাজিত হয়। পরে মোরশেদুল আলম ও হাবিবুর রহমানের নেতৃত্বে মেডিসিন ক্লাবের পদবঞ্চিত ছাত্রলীগ সমর্থিত একটি অংশ নিয়ে কলেজে লিও ক্লাব গঠন করা হয়। কোনো প্রশাসনিক অনুমোদন না নিয়েই লিও ক্লাব কলেজ ক্যাম্পাসে কার্যক্রম শুরু করে। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়টি খতিয়ে দেখতে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাবুদ্দিনকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে।গত বুধবার ক্যাম্পাসে লিও ক্লাব আয়োজিত স্বাস্থ্য শিবির উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া। এ কর্মসূচির জের ধরে দুই পক্ষ রাতে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে।এ ব্যাপারে মেডিসিন ক্লাবের সাবেক সভাপতি, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএমএর কার্যনির্বাহী সদস্য নাফিজ আলম বলেন, ‘ডা. মোরশেদ ও ডা. হাবিবের নেতৃত্বে একদল বহিরাগত চিকিত্সক কলেজে হুমকি দিয়ে যায়। লিও ক্লাবের কোনো অনুমোদন নেই। তারপরও তারা ছাত্রলীগের মধ্যে কোন্দল সৃষ্টি করার জন্য ওই সংগঠন করতে চায়।’অভিযোগ অস্বীকার করে মোরশেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে গেলে ডা. নাফিস আমাকে বহিরাগত বলে ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। এরপর আমি চলে আসি। লিও ক্লাব যারা করতে চায়, তারা ছাত্রলীগের।’