কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নিদের কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগ, দালাল উচ্ছেদসহ পাঁচ দফা দাবিতে গত মঙ্গলবার থেকে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন ইন্টার্ন চিকিত্সকেরা।আজ শনিবার কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সরকারদলীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিনের সঙ্গে ইন্টার্ন চিকিত্সক ও হাসপাতাল কর্তৃপক্ষের এক বৈঠকের পর ইন্টার্ন চিকিত্সকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে স্থানীয় সাংসদ, হাসপাতাল কর্তৃপক্ষ, বিএমএ, স্বাচিপ ও ইন্টার্ন চিকিত্সকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সভাপতিত্ব করেন হাসপাতাল স্বাস্থ্যসেবাবিষয়ক কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন। সভায় সাংসদ গোয়েন্দাদের দিয়ে কমিটি করে দালালদের শিগগিরই চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার আশ্বাস দিলে ইন্টার্ন চিকিত্সকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন।প্রসঙ্গত, গত সোমবার রাত আনুমানিক নয়টার দিকে দালালেরা কলেজের তিনজন চিকিত্সক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালালে এর প্রতিবাদে ওই কর্মবিরতি দেওয়া হয়।এ বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান, উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবু তাহের, জেলা বিএমএর সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সিদ্দিকী, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মো. আল কিবরিয়া প্রমুখ।