কুমিল্লা শহরে কলেজগুলোয় চলছে ছাত্র ধর্মঘট
দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে কুমিল্লা শহরের সব সরকারি ও বেসরকারি কলেজে ছাত্র ধর্মঘট চলছে। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সরকারদলীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী ছাত্রলীগ কর্মীরা এ ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের কারণে কলেজে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বাহাউদ্দিনের অনুসারী ছাত্রলীগ কর্মীরা শহরের বিভিন্ন কলেজে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। প্রসঙ্গত, গত ২৭ জুন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ১৫ সদস্যের আংশিক কমিটি করা হয়। কমিটিতে পদ বঞ্চিত সাংসদের অনুসারীরা এ কর্মসূচি পালন করছে।সাংসদের অনুসারী আহসানুল কবিরের দাবি, অছাত্র ও বিবাহিতদের দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে তাঁরা ধর্মঘট পালন করছেন। তিনি অবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ বলেন, কেন্দ্রীয় কমিটি ১৫ সদস্যের নাম ঢাকা থেকে ঘোষণা করেছে। এতে যোগ্যরাই স্থান পেয়েছে। পদ বঞ্চিতদের অভিযোগ সত্য নয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন জানান, ছাত্র ধর্মঘটের কারণে কোনো ক্লাস হচ্ছে না।