কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৫
এসএসসিতে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। এতে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক শূন্য তিন আর মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৯৪ ভাগ। পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৯৮১ জন।এবার বোর্ডে পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫-এর সংখ্যা। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। আর গতবারের মতো এ বছরও মেয়েদের তুলনায় ছেলেরা ভালো ফল করেছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল বিবরণীতে ওই তথ্য পাওয়া গেছে। শিক্ষা সংশ্লিষ্ট মহল, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা একে ইতিবাচক হিসেবে দেখছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২০১১ সালে কুমিল্লা বোর্ড থেকে এক লাখ ১৬ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী ছিলেন। এতে কৃতকার্য হয়েছে ৯৯ হাজার ৭৫৭ জন। কৃতকার্যদের মধ্যে ৪৯ হাজার ৩৯৫ জন ছেলে এবং ৫০ হাজার ৩৬২ জন মেয়ে। এ বছর বিজ্ঞান বিভাগে ২১ হাজার ৮১ জন পরীক্ষা দিয়ে ১৯ হাজার ৫৬৯ জন কৃতকার্য হয়েছে। মানবিকে ২৩ হাজার ৩৭৯ জন পরীক্ষা দিয়ে ১৭ হাজার ৪২৫ জন কৃতকার্য হয় আর ব্যবসায় শিক্ষা বিভাগে ৭২ হাজার ১০৫ জন পরীক্ষা দিয়ে ৬২ হাজার ৭৭৩ জন কৃতকার্য হয়েছে। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ৫৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে। ছেলেরা এগিয়ে: পাসের হার ও জিপিএ-৫-এর দিক থেকে এ বছর মেয়েদের তুলনায় ছেলেরা ভালো ফল করেছে। এর মধ্যে তিন হাজার ৫৩৬ জন ছেলে এবং দুই হাজার ৪৪৫ জন মেয়ে। বিজ্ঞানে চার হাজার ৫০৫ জন, মানবিকে ১১৭ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় এক হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।