কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে আইনি জটিলতার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডের সীমানা জেলা প্রশাসকের প্রতিবেদন ও গেজেটে দুই রকম থাকায় তা আইনি জটিলতার সৃষ্টি করতে পারে। নির্বাচন কমিশন সচিবালয়-সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, ওই দুটি ওয়ার্ডের সীমানা নির্ধারণ নিয়ে আইনি প্রশ্ন উঠলে যথাসময়ে এ নির্বাচন অনুষ্ঠান ব্যাহত হতে পারে।কমিশন সচিবালয় সূত্র জানায়, কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ কর্মকর্তা ও কুমিল্লার জেলা প্রশাসক রেজাউল আহসান গত ২০ অক্টোবর স্থানীয় সরকার বিভাগে যে প্রতিবেদন পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে সাবেক দুটি পৌরসভার ওয়ার্ড এবং চৌহদ্দি অখণ্ড বা বহাল রেখেই সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করা হয়েছে। আগের কোনো ওয়ার্ডকে খণ্ডিত করে অন্য ওয়ার্ডের সঙ্গে যুক্ত করা হয়নি। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সীমানা নির্ধারণ-সংক্রান্ত যে গেজেট প্রকাশ করা হয়েছে, তাতে ২৪ নম্বর ওয়ার্ডের সঙ্গে লালমাইয়ের আংশিক এবং ২২ নম্বর ওয়ার্ডের সঙ্গে দক্ষিণ গোপীনাথপুরের আংশিক এলাকা যুক্ত করা হয়েছে।জেলা প্রশাসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সীমানা নির্ধারণ বিষয়ে দাবি/আপত্তি জানানোর নির্ধারিত সময়ে মোট ২১টি দাবি/আপত্তি জমা পড়ে। এর মধ্যে ১৫টি আপত্তি ছিল একটি ওয়ার্ডের অংশবিশেষ অন্য ওয়ার্ডে যাওয়া এবং এক ওয়ার্ডের সঙ্গে অন্য ওয়ার্ডের আয়তনের সমতা নিয়ে। ১৮ অক্টোবর এসব দাবি/আপত্তির বিষয়ে শুনানি করে তা নিষ্পত্তি করা হয় এবং ২০ অক্টোবর সীমানা চূড়ান্ত করা হয়। আপত্তি বিষয়ে প্রতিবেদনে আরও বলা হয়, সীমানা বিন্যাস কর্মকর্তা তদন্ত করে জেনেছেন, স্থানীয় বাসিন্দারা নির্ধারিত সীমানাকেই সমর্থন করছেন।এদিকে গতকাল রোববার সীমানা-সংক্রান্ত গেজেটের খসড়া কপি পায় কমিশন সচিবালয়। কপি পাওয়ার পর কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে যে কেউ এই গেজেটের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তুলতে পারবেন। এতে নির্বাচন নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে।সরকার চলতি বছরের ৬ জুলাই কুমিল্লা জেলা সদরের দুটি পৌরসভাকে এক করে সিটি করপোরেশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে। ৩ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় এই সিটি করপোশেনকে ২৭টি ওয়ার্ডে ভাগ করে সীমানা বিন্যাস-সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এর ওপর ভিত্তি করেই কমিশন প্রস্তুতিমূলক কাজ করছে। সিটি করপোরেশন নির্বাচনী আইন অনুযায়ী সিটি করপোরেশন গঠনের ১৮০ দিনের মধ্যে এর নির্বাচন করতে হবে। এই হিসেবে আগামী ১ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন করতে হবে।কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০ থেকে ২২ নভেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ২৮ অথবা ২৯ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণের সম্ভাবনা রয়েছে।কমিশন সচিবালয় সূত্র জানায়, দুটি ওয়ার্ড খণ্ডিত হয়ে পড়ায় এর ভোটার তালিকা তৈরি করতে গিয়ে হিমশিম খেতে হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী সাত দিনের মধ্যে তফসিল ঘোষণা করতে হলে এর আগেই ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করতে হবে।সীমানা জটিলতার বিষয়ে জানতে চাইলে গতকাল নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা নিয়ে কেউ যদি আইন-আদালত করেন এবং তাতে যদি নির্বাচন স্থগিত হয়ে যায় তাতে আমাদের কিছু করার নেই। আমরা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সব কাজ চালিয়ে যাচ্ছি। তবে আমি মনে করি, যেটুকু অসংগতি ধরা পড়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় ইচ্ছে করলে তা সংশোধন করে দিতে পারে।’