কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল এ মাসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন গঠিত কুমিল্লা সিটি করপোরেশনকে ২৭টি ওয়ার্ডে ভাগ করে সীমানা বিন্যাস করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যে কারণে নির্বাচন কমিশন (ইসি) তাদের সিদ্ধান্ত বদল করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, চলতি মাসের তৃতীয় সপ্তাহে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোট গ্রহণ হবে আগামী ১ থেকে ৫ জানুয়ারির মধ্যে।ওয়ার্ডের সীমানাবিন্যাসে বিলম্ব হওয়ায় এর আগে নির্বাচন কমিশন থেকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের ব্যাপারে সংশয় প্রকাশ করা হয়েছিল। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, যথাসময়ে ওয়ার্ডের সীমানাবিন্যাস না হলে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অপর দুই কমিশনারের মেয়াদে কুমিল্লা সিটির নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারে আজ এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘বর্তমান কমিশনারদের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। যে কারণে এই নির্বাচনটি করার ব্যাপারে আমাদের আগ্রহ ছিল না। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত নির্বাচনটি করতে হচ্ছে।’এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান আজ প্রথম আলোকে জানান, কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বিন্যাস করে তা গেজেট আকারে প্রকাশের জন্য ৩ নভেম্বর বিজিপ্রেসে পাঠানো হয়েছে। এতে করপোরেশনকে ২৭টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। আজকালের মধ্যে গেজেটের কপি হাতে পাওয়া যেতে পারে।নির্বাচন কমিশন সূত্র জানায়, ৩ নভেম্বরেই স্থানীয় সরকার বিভাগ কুমিল্লা সিটি করপোরেশনের সীমানাবিন্যাসের বিষয়ে অবহিত করে কমিশনকে চিঠি দিয়েছে। যে কারণে কমিশন গতকালের বৈঠকে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করে।সিটি করপোরেশন নির্বাচন আইনের ৩৪ ধারা অনুযায়ী করপোরেশন গঠনের পরবর্তী ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে হবে। এই হিসাবে আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটির নির্বাচন করতে হবে। কারণ কুমিল্লা সিটি করপোরেশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল চলতি বছরের ৬ জুলাই এবং গেজেট প্রকাশ হয়েছিল ১০ জুলাই। এ বিধান অনুযায়ী ১৮০ দিনের গণনা শুরু হবে ৬ জুলাই থেকে। কিন্তু আজ নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেছেন, ১ থেকে ৫ জানুয়ারির মধ্যে যেকোনো দিন ভোট গ্রহণ হতে পারে। এতে আইনি কোনো সমস্যা দেখা দেবে কি না, জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি কমিশন খতিয়ে দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে।সাখাওয়াত হোসেন আরও জানান, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে শতভাগ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চিন্তাভাবনা চলছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সাফল্যজনকভাবে ব্যবহার হওয়ায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে ৬৫টি ভোটকেন্দ্র এবং ৪৫৩টি ভোটকক্ষ থাকবে। তবে শতভাগ কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হলে কক্ষসংখ্যা কমে যাবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ব্যবহার হওয়া ইভিএমগুলো ফরম্যাট করে কুমিল্লা সিটি করপোরেশনে ব্যবহার করা হবে।সাখাওয়াত হোসেন বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার আগে সম্ভাব্য প্রার্থীদের কেউ রঙিন পোস্টার বা ব্যানারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালালে তাঁদের সবার আয়কর ফাইল পরীক্ষা করবে নির্বাচন কমিশন। একই সঙ্গে তিনি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে রাজনৈতিক দলগুলো যে তত্পরতা চালায়, তা থেকে বিরত থাকার জন্য দলগুলোর প্রতি আহ্বান জানান।