কুমিল্লা সিটির তফসিল কাল: ছহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল কাল মঙ্গলবার ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ছহুল হোসাইন বলেন, সব ধরনের জটিলতা নিরসন হয়েছে। সীমানা-সংক্রান্ত সংশোধিত গেজেট প্রকাশ হয়েছে। ভোটার তালিকাও চূড়ান্ত। কাল তফসিল ঘোষণা করা হবে।এর আগে আজ সকালের দিকে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন। সূত্র জানায়, বৈঠকে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেনকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, কুমিল্লা সিটি করপোরেশনে মোট ওয়ার্ডের সংখ্যা ২৭টি। ভোটার সংখ্যা এক লাখ ৬৯ হাজার ১৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ১২৯ জন এবং নারী ৮৬ হাজার ৪৫ জন।