কুমিল্লা-সিলেট মহাসড়কে সেতু ভেঙে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মুকিমপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে ক্ষতিগ্রস্ত সেতুটি ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। আজ শনিবার সকাল ছয়টায় সেতুটি ভেঙে যায়। যান চলাচল বন্ধ হওয়ার কারণে সেতুটির দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে ক্ষতিগ্রস্ত সেতুটি হঠাত্ করেই ভেঙে পড়ে। পরে এই খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় লোকজন সেতুটি মেরামতের কাজ শুরু করেছেন। বেলা দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ আছে।এর আগেও বেশ কয়েকবার ওই সেতুটির পাটাতন ভেঙে পড়ে। তখনো বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। মিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, সেতুটি ভেঙে যাওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ স্থানীয় লোকজনদের সহযোগিতায় সেতুটি মেরামতের কাজ শুরু করেছে।কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগীয় কর্মকর্তা (সেকশন অফিসার) আবুল কালাম আজাদ প্রথম আলো অনলাইনকে জানান, অতিরিক্ত লোডের কারণেই সেতুটি ভেঙে পড়েছে। মেরামতের কাজ করা হচ্ছে। আশা করছি, আর ঘণ্টাখানেকের মধ্যে মেরামতের কাজ শেষ করা যাবে। তিনি আরও বলেন, বর্তমানে সেতুটি নতুন করে নির্মাণের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।