কুমিল্লায় আধিপত্য নিয়ে গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর গ্রামে আজ সোমবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে ২০ জন।নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪২)। তিনি শাহপুর গ্রামের বাসিন্দা ছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শাহপুর গ্রামের বাসিন্দা শাহ আলম শামসি ও তাঁর চাচাতো ভাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল রাত ১২টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষ অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। সকাল পর্যন্ত এ সংঘর্ষ চলে। আটটার দিকে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন গুলিবিদ্ধ হন। চারজন বাদে অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজনের ভাষ্য, শাহ আলম শামসি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। ফারুক মিয়া বিএনপির সমর্থক। ফারুকের বড় ভাই মজিবুর রহমান তিতাস উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ দত্ত জানান, দেলোয়ারের লাশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।