কুমিল্লায় কাল হরতাল ডেকেছে বিএনপি
কুমিল্লা শহরে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। আজ মঙ্গলবার হরতাল চলাকালে বিএনপির কার্যালয় ভাঙচুর ও তাদের কর্মসূচিতে ককটেলের বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে শহরের বাদুড়তলা এলাকার নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের জেলা কমিটির সভাপতি রাবেয়া চৌধুরী হরতাল আহ্বান করেন। সংবাদ সম্মেলনে রাবেয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের উসকানিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। তারা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে। এতে দলের ১৫জন নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। ওই ঘটনার প্রতিবাদে কাল হরতাল ডাকা হয়। তবে বিএনপির জেলা কমিটির সভাপতির অভিযোগ প্রত্যাখ্যান করে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা আমাদের মিছিলের পেছনে ককটেলের বিস্ফোরণ ঘটায়। একপর্যায়ে তারা আত্মরক্ষার জন্য একটি দর্জি দোকানে অবস্থান নেয়। সেখান থেকে আমি গিয়ে তাদের উদ্ধার করে পুলিশি পাহারায় বাসায় পাঠিয়ে দিই। আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোনো উসকানি দেয়নি। বরং বিএনপিই ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়ায়।’