কুমিল্লায় জামায়াতের সকালে হরতাল আহ্বান বিকেলে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কাল সোমবার কুমিল্লা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকে তা প্রত্যাহার করে নিয়েছে জামায়াতে ইসলামী। কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির আমিনুল হকসহ জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছিল।উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা থাকায় জামায়াত সকালে হরতাল ডেকে বিকেলে প্রত্যাহার করে নেয়। মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল নয়টার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নগরের কান্দিরপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টমছম ব্রিজ এলাকায় যাচ্ছিলেন। নগরের লাকসাম সড়কের কাসেমুল উলুম মাদ্রাসার সামনে মিছিলে পুলিশ বাধা দেয়। ওই সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিনসহ দুই উপপরিদর্শক আহত হন। একপর্যায়ে পুলিশ ২১টি রাবার বুলেট ও দুটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ওই সময় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মী আহত হন বলে দলটি দাবি করে। পুলিশ ঘটনাস্থল থেকে মহানগর জামায়াতের নায়েবে আমির আমিনুল হকসহ ছয়জনকে গ্রেপ্তার করে। উদ্ভূত পরিস্থিতিতে বেলা ১১টায় মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কাল সোমবার কুমিল্লা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়। এতে দিনভর উদ্বিগ্ন থাকা এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এদিকে বেলা পৌনে দুইটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা আবার জড়ো হয়ে নগরের টমছম ব্রিজ এলাকায় প্রাণের পণ্যবাহী একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। ওই সময়ে তাঁরা চারটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পুলিশ আসার আগেই তাঁরা পালিয়ে যান। এ ব্যাপারে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘নাগরিক সমাজের চাপ ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা হরতাল প্রত্যাহার করি। অবিলম্বে আমাদের নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। অন্যথায় আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দেব।’কোতোয়ালি মডেল থানার তদন্ত পরিদর্শক মো. আইয়ুব বলেন, ‘জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করলে আমরা তাদের ধাওয়া করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা ২১টি শটগানের গুলি ও দুটি টিয়ার শেল ছুড়েছি। তাদের ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মহানগর জামায়াতের নায়েবে আমিরসহ জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’