কুমিল্লায় তিন বছরে জিপিএ-৫ বেড়েছে ছয় গুণ
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে পাসের হার বেড়েছে সামান্য। এবার জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে। পাসের হারে এগিয়ে ছেলেরা। বরাবরের মতো শহরের নামকরা ও সরকারি বিদ্যালয়গুলো ভালো করেছে। এবার ৪১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। তবে তিন বছরের মধ্যে জিপিএ-৫ বেড়েছে ছয় গুণ। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফল-বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সমন্বিত উদ্যোগেই এই কাঙ্ক্ষিত ফল অর্জন হয়েছে। সার্বিক ফলাফলে আমি খুশি।’কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এক লাখ ৮৯ হাজার ৩৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে এক লাখ ৭১ হাজার ৩২৮ জন। পাসের হার ৯১ দশমিক ৮৬ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ; মেয়েদের পাসের হার ৯০ দশমিক ৬২ শতাংশ। পাসের হারের দিক দিয়ে ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে আছে ২ দশমিক ৯১ শতাংশ। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৭৬৩ জন। এর মধ্যে ছেলেদের সংখ্যা এক হাজার ৭৭৩ এবং মেয়েদের সংখ্যা এক হাজার ৯৯০। তিন বছরে জিপিএ-৫ বেড়েছে ছয় গুণ: কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০১০ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬২৪ জন। ২০১১ সালে দুই হাজার ৩৯৬ জন। এবার পেয়েছে তিন হাজার ৭৬৩ জন। তিন বছরে জিপিএ-৫ বেড়েছে ছয় গুণের বেশি। অন্যদিকে ২০১০ সালে পাসের হার ছিল ৭৩ দশমিক ৫৫ শতাংশ, ২০১১ সালে ৯১ দশমিক ২৫ শতাংশ এবং এবার ৯১ দশমিক ৮৬ শতাংশ।