কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষক, দুজন সেনাসদস্য নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।পুলিশ জানায়, আজ সকাল আটটার দিকে সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় বেলতলী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন (৪২) মোটরসাইকেলে স্কুলে যাওয়ার সময় পথে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।সকাল নয়টার দিকে চান্দিনা উপজেলা সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই সেনাসদস্য সালাহ উদ্দিন ও মো. মিজানুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত হয় অন্তত ১৫ জন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।