কুমিল্লায় যুবদলের সম্মেলন রণক্ষেত্র, পুলিশসহ আহত ৩০
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে আজ রোববার দুপুরে শহরের কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে যুবদলের দুই পক্ষ এবং সংঘর্ষ সামাল দিতে ঘটনাস্থলে যাওয়া পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা কান্দিরপাড় এলাকার টাউন হল মাঠে যাওয়ার সময় পেছন থেকে যুবদলের আরেকটি পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে যুবদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়, চলে ইটপাটকেল নিক্ষেপ। মুহূতেই সব দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মুখোশধারীরা অস্ত্র উঁচিয়ে কমপক্ষে ২০টি ফাঁকা গুলি চালায় এবং ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের ওপরও পাল্টা হামলা হয়। এতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ, উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেক ও শাহজাহানসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, বন্দুকের নল ও ককটেল উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরে সম্মেলন আবার শুরু হয়েছে। প্রসঙ্গত, কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা পৌরসভার মেয়র মনিরুল হকের অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষ হয়।