কুমিল্লায় রেললাইন উপড়ে ফেলেছেন জামায়াত-শিবিরের কর্মীরা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার রেলস্টেশনের দক্ষিণ পাশে লাকসাম-নোয়াখালী রেললাইন উপড়ে ফেলেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে আজ রোববার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ কারণে লাকসাম-নোয়াখালী রুটে রেলযোগাযোগ বন্ধ আছে। ওই রুটে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন সোনাইমুড়ি স্টেশনে আটকা পড়ে আছে।লাকসাম জংশনে কর্মরত রেলওয়ের পরিবহন পরিদর্শক (টিআই) মাসুদ সারওয়ার জানান, রেললাইন উপড়ে ফেলার সংবাদ পাওয়ার পরই তা মেরামতের জন্য একটি বিশেষ ট্রেনে লোকবল পাঠানো হয়েছে। মেরামতকাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল শুরু হবে।লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ কান্তি দাস বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও আনসার সদস্য পাঠানো হয়েছে।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতাল চলাকালে জামায়াত-শিবিরের কর্মীরা বিপুলাসার রেলস্টেশনের কাছে একটি রেলসেতুর স্লিপারে আগুন ধরিয়ে দেন। পরে ওই রেললাইন মেরামত করতে গেলে শিবিরের ক্যাডার বাহিনীর হামলায় আট রেল কর্মচারী আহত হন।এদিকে আজ সকাল সাড়ে নয়টার দিকে লাকসাম-সোনাইমুড়ি সড়কের লুধুয়ায় জামায়াত-শিবিরের কর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে পুলিশের সাত সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কিছু ফাঁকা গুলি ছোড়ে।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।