কুমিল্লার আদালতে ৩২ হাজার ৮৫৮টি মামলা বিচারাধীন। এসব মামলার বিচারকাজ পরিচালনার জন্য পর্যাপ্তসংখ্যক বিচারক নেই। ফলে দিনের পর দিন মামলা জমছে, কিন্তু নিষ্পত্তি হচ্ছে কমসংখ্যক মামলা। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা।আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লা বিচারিক আদালতে ১৮ হাজার ১১৩টি মামলা রয়েছে। অন্যদিকে জজ আদালতে ফৌজদারি মামলা রয়েছে চার হাজার ৮৬৯টি এবং দেওয়ানি মামলা রয়েছে নয় হাজার ৮৭৬টি। এসব মামলার বিচারকাজ পরিচালনার জন্য ৩৪ জন বিচারক ও ম্যাজিস্ট্রেট রয়েছেন। বিচারকদের মধ্যে অতিরিক্ত জেলা জজের চারটি আদালতের মধ্যে তিনটি আদালতের বিচারক নেই, নেই সহকারী জজও। অন্যদিকে ম্যাজিস্ট্রেট আদালতের মুখ্য বিচারিক হাকিম নেই, নেই একজন বিচারিক হাকিমও।স্থানীয় আইনজীবীরা জানান, ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত কুমিল্লার আদালতে দিন দিন মামলার সংখ্যা বাড়ছে। জেলার ১৬ উপজেলার লোকজন দূর-দূরান্ত থেকে এসে ভোগান্তিতে পড়ছেন।এখানকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে কমপক্ষে দুই হাজার মামলা রয়েছে। এসব মামলার তারিখ নির্ধারণ করতে গিয়ে আদালতকে বেগ পেতে হচ্ছে। এ আদালতের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। গত মঙ্গলবার দুপুরে আদালত প্রাঙ্গণে কথা হয় বেশ কয়েকজন বিচারপ্রার্থীর সঙ্গে। তাঁরা বলেছেন, আদালত না বসায় নতুন করে মামলার তারিখ নিয়ে বাড়ি ফিরছি। আদালতে বিচারক নেই, তাই মামলা উঠছে না। কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ নূরুর রহমান ও আমজাদ হোসেন বলেন, বিচারকদের শূন্যপদগুলো পূরণ করতে হবে। দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা দিনের পর দিন ভোগান্তির শিকার হচ্ছে।কুমিল্লার অতিরিক্ত সরকারি কৌঁসুলি গোলাম ফারুক জানান, নারী ও শিশু নির্যাতন দমন আদালতে প্রচুর মামলা থাকায় বিচারপ্রার্থীদের একটি তারিখের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয়। ঢাকায় এ ধরনের পাঁচটি আদালত ও চট্টগ্রামে তিনটি আদালত রয়েছে। কুমিল্লায়ও একাধিক আদালত হওয়া দরকার। কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, অতিরিক্ত জেলা জজের চতুর্থ আদালতের জজ নেই দুই বছর। এক ও দুই নম্বর জজের পদও দীর্ঘদিন ধরে শূন্য। মুখ্য বিচারিক হাকিম নেই দুই মাস ধরে। এখানে বিচারক ও ম্যাজিস্ট্রেটের পদ কম। যে কয়টি রয়েছে সেটিও পূর্ণ হচ্ছে না। তা না হলে বিচারপ্রার্থীদের দুর্ভোগ থেকেই যাবে।