কুমিল্লার একটি কেন্দ্রে ৪৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ধাতীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ৪৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। সকাল নয়টা তিন মিনিট থেকে নয়টা ৪৮ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল।জানা যায়, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামসুদ্দিনের সমর্থকেরা অতর্কিতে ভোটকেন্দ্রে ঢুকে ৩৯টি ব্যালট পেপারে ওই প্রার্থীর জন্য বরাদ্দ ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে সিল মারে। এ সময় একটি ব্যালট পেপারের বই ছিনতাই করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। সকাল নয়টা ৫০ মিনিটের দিকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেহান উদ্দিন পুনরায় ভোট গ্রহণ শুরু করেন। এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ‘হঠাত্ করে কিছু লোক কেন্দ্রে ঢুকে অতর্কিতভাবে ব্যালট পেপারে সিল মারে। এরপর তারা ব্যালট পেপার নিয়েও যায়। কেন্দ্রে সেনা মোতায়েন থাকা সত্ত্বেও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটল।’উল্লেখ্য, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৫৭৩।