কুমিল্লার চান্দিনায় ১০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার সদর থেকে নাওতলা পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার রাজপথে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে মহাসড়কের মাঠাইয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের পর এ যানজটের সৃষ্টি হয়। বেলা তিনটায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত যানজট ছিল। যানজটের কারণে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে যাওয়া পরীক্ষার্থীরাসহ হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকেই পরীক্ষা দিতে পারেননি বলে জানিয়েছেন। পুলিশ জানায়, আজ সকালে মাঠাইয়া এলাকায় কুমিল্লাগামী পাপিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম আহমেদ জানান, ঘন কুয়াশার কারণে মহাসড়কের এক পাশের গাড়ি অন্য পাশে গিয়ে দুর্ঘটনায় পড়ে। যানজট নিরসনে তাঁরা কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।