কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গাজীপুর নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়েছেন। তাঁর নাম আহমেদ উল্লাহ। এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।বাসটি ঢাকা ও ট্রাকটি চট্টগ্রাম যাচ্ছিল। আহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালকের সহকারী ও বাসের চারজন যাত্রী রয়েছেন। দুর্ঘটনার পর থেকে দাউদকান্দি টোল প্লাজা থেকে রাজার হাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলুল হক প্রথম আলোকে জানান, রাত সাড়ে আটটার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বাস ও ট্রাকটি রাস্তার ওপর পড়ে থাকায় দাউদকান্দি টোল প্লাজা থেকে রাজার হাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।ফজলুল হক জানান, রাস্তার ওপর থেকে বাস ও ট্রাকটি সরানোর কাজ চলছে।