কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়জন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা সিভিল সার্জনকে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। গত বুধবার কুমিল্লায় এ-সংক্রান্ত চিঠি পৌঁছায়। চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণার কারণে স্বাস্থ্য বিভাগ এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।চিঠিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেইনটেন্যান্স অ্যান্ড ইনফরমেশন (এমআইএস) সার্ভিস বিভাগের পরিচালক ৩ ও ৫ জানুয়ারি মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মুঠোফোনে যোগাযোগ করেন। ওই সময়ে কোনো চিকিৎসক হাসপাতালে উপস্থিত ছিলেন না। হাসপাতালের মেডিকেল অ্যাসিসট্যান্ট ফোন ধরে জানান, কোনো চিকিৎসক হাসপাতালে উপস্থিত নেই। এর পরিপ্রেক্ষিতে ওই পরিচালক স্বাস্থ্যসচিবকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। স্বাস্থ্যসচিব এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কুমিল্লার সিভিল সার্জনকে লেখেন। গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা মুজিব রহমান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘সিভিল সার্জন মহোদয় এ ধরনের চিঠি পেয়েছেন। চিঠিতে তাঁদের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ আনা হয়।’তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আলমগীর হান্নান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি এ ধরনের কোনো খবর পাইনি। এ হাসপাতালে আমিসহ ছয়জন চিকিৎসক কর্মরত। জানুয়ারির ৩ ও ৫ তারিখে আমি কর্মস্থলে উপস্থিত ছিলাম।’ অন্যরা ছিলেন কি না, এ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ব্যাপারে নজরদারি আরও জোরদার করা হবে।