কুমিল্লায় অগ্নিকাণ্ডে মৃত্যু ১, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে গতকাল বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাহাঙ্গীর আলম (৫০) নামের একজন দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়েছে আরও তিন কর্মচারী। আগুনে পেট্রল-ডিজেল ও স্টিলের চারটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া যমুনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও একটি ট্রাক্টর পুড়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে জানিয়েছে তারা।পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে যমুনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক থেকে এস কে ট্রেডার্স নামে একটি পেট্রল ও ডিজেলের দোকানে তেল সরবরাহ করার সময় এই আগুন লাগে। শিগগির তা পাশের তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। একের পর এক পেট্রল ও ডিজেলের ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হতে থাকে। এ সময় তিন দোকান কর্মচারী অগ্নিদগ্ধ অবস্থায় বেরিয়ে আসতে পারলেও জাহাঙ্গীর দোকানে আটকা পড়েন। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান। আগুন থেকে রক্ষা পেতে ট্রাকচালক ট্রাকটিকে দোকান থেকে মহাসড়কে উঠানোর চেষ্টা করেন। এ সময় বিকট শব্দে ট্রাকের জ্বালানি ট্যাঙ্ক ও চাকা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ওই আগুন ছড়িয়ে পড়লে গুদামের ভেতরে রাখা অপর একটি ট্রাক্টর পুড়ে যায়। খবর পেয়ে মুরাদনগরের ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কুমিল্লা, চান্দিনা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক আসাদুজ্জামান জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।