কুমিল্লায় আফজল খানকে সমর্থন দিল আ.লীগ
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আফজল খানকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার হুইপ মজিবুল হক মুজিব প্রথম আলোকে এ খবর জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদের লবিতে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে স্থানীয় সাংসদদের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক হয়। ওই বৈঠকে আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের ও আবদুল মতিন খসরু কুমিল্লার সাংসদদের উদ্দেশে বলেন, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফজল খানকে কুমিল্লার মেয়র পদে দলীয় সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা ইচ্ছা করলে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন।’ তখন অন্য সাংসদেরা জানান, তাঁরা এটা বিশ্বাস করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনার প্রয়োজন নেই। ওই বৈঠকে আজ কুমিল্লা জেলা আওয়ামী লীগ, স্থানীয় সাংসদ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত হয়।