কুমিল্লায় আমার দেশ পত্রিকাবাহী গাড়িতে ডাকাতি
কুমিল্লা জেলার চান্দিনায় আজ শনিবার ভোররাতে একদল ডাকাত আমার দেশ পত্রিকাবাহী একটি মাইক্রোবাসের গতিরোধ করে লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে।আমার দেশ পত্রিকা নিয়ে মাইক্রোবাসটি গতকাল রাতে ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। ভোর চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুতুম্বপুরে পৌঁছালে আটজনের একটি ডাকাত দল মাইক্রোবাসটি আক্রমণ করে। ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা, এক ভরি ওজনের একটি সোনার চেইন এবং কয়েকটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় চালক ও মাইক্রোবাসে থাকা যাত্রীদের চিত্কারে মহাসড়কে টহলরত ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ এসে লিটন নামের এক ডাকাতকে আটক করে। তাঁর বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কমলাপুর গ্রামে। মাইক্রোবাসের চালক জসীম উদ্দিন জানান, মালামাল ছিনতাইয়ের সময় ডাকাতেরা যাত্রীদের লোহার রড দিয়ে পেটায়। এতে তাঁদের চিত্কারে পুলিশ এগিয়ে এলে একজন বাদে অন্য ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, লিটনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে অন্যরা পালিয়ে যায়। ছিনতাই হওয়া টাকা ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মাইক্রোবাসটি পত্রিকা নিয়ে নোয়াখালী পৌঁছেছে।