কুমিল্লায় কাভার্ড ভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বুধবার সকালে কাভার্ড ভ্যানের চাপায় আল-আমীন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্কুল ছাত্ররা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ ও ব্যাপক ভাঙচুর চালায়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। নিহত আল-আমীন উপজেলার শহীদনগর এম এ জলিল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। আল-আমীনের বাড়ি দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও গ্রামে। তার বাবার নাম নাজির হোসেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল আল-আমীন। এ সময় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আল-আমীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই স্কুলের শত শত শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নেয়। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ এবং ৪১টি গাড়ি ভাঙচুর করে। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের সামনে গতিরোধক স্থাপন, ওভার ব্রিজ নির্মাণ ও আল-আমীনের পরিবারকে এক লাখ ১০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানসহ মোট পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করতে থাকে। পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সকাল ১১টার দিকে তাঁরা অবরোধ উঠিয়ে নেয়। সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে কমপক্ষে ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। পরে র্যাব-১১ এর উপসহকারী পরিচালক সফিজ উদ্দিন তাঁর দল নিয়ে এসে হাইওয়ে পুলিশের সহায়তায় যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করেন। বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসতে শুরু করে।