কুমিল্লায় গণপিটুনিতে নিহত ৩, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের কাছে আজ শনিবার সকালে গণপিটুনিতে তিনজন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়।পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকালে ইলিয়টগঞ্জ বাজারের কাছে ১০ থেকে ১২ জনের একটি দল একটি অটোরিকশার চালককে পার্শ্ববর্তী একটি স্থানে যেতে বললে তিনি অস্বীকৃতি জানান। এ নিয়ে চালকের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে ওই দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে কাজী মোহাম্মদ সিরাজ, জাকির হোসেন ও ভানু ভূষণ সাহা গুলিবিদ্ধ হন। তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর উত্তেজিত জনতা ওই সন্ত্রাসীদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাদের নাম জানা যায়নি। সন্ত্রাসী সন্দেহে একজনকে আটক করে পুলিশের সোপর্দ করে এলাকাবাসী। বাকিরা পালিয়ে যায়। আহত কাজী মোহাম্মদ সিরাজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। অন্য দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট নন্দন কান্তি ধর ঘটনা নিশ্চিত করেছেন।