কুমিল্লায় গায়ক আসিফের ওপর ছাত্রদল ও যুবদলের হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও গায়ক আসিফ আকবরের ওপর হামলা চালিয়েছেন জেলা ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। আজ সোমবার বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর মিয়ামী রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আসিফ আকবর বাদী হয়ে দ্রুত বিচার আইনে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।দলীয় নেতা-কর্মী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে মিয়ামী রেস্তোরাঁয় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা বেগম রাবেয়া চৌধুরী, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন শাখার নেতারা। একপর্যায়ে সেখানে আসিফ আকবর উপস্থিত হন। ওই সময় অনুষ্ঠানে তাঁকে দলের নেতা হিসেবে পরিচয় করিয়ে না দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে ছাত্রদল ও যুবদলের একদল ক্যাডার পেছন দিক থেকে আসিফের ওপর চেয়ার ছুড়ে মারে। তারা আসিফের জামা ছিঁড়ে ফেলে এবং তাঁকে মারধর করে। আসিফকে বাঁচাতে গিয়ে স্থানীয় বিএনপির নেতাসহ কয়েকজন আহত হন। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে আসিফ আকবর রেস্তোরাঁর পাশের একটি দোকানে আশ্রয় নেন। খবর পেয়ে কুমিল্লা পৌরসভার মেয়র মনিরুল হকের অনুসারী ও পুলিশ সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করেন।এ ব্যাপারে আসিফ আকবর বলেন, ‘একপর্যায়ে তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা চালায়। অত্যন্ত পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে। জেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের প্রত্যক্ষ মদদে ওই হামলা করা হয়। বিষয়টি আমি দলীয় চেয়ারপারসনকে জানাব। এ ব্যাপারে থানায় মামলা করেছি।’অভিযোগের ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘অনুষ্ঠানে আসিফ আকবরকে সংগীতশিল্পী বলায় তিনি আমাকে গালি দেন। একপর্যায়ে তিনি আমাকে মারধর করার জন্য তেড়ে আসলে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেন। আমি সরি বলা সত্ত্বেও তিনি উত্তেজিত হয়ে যান।’এ ব্যাপারে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘এ ব্যাপারে আসিফ নিজেই বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন।’