কুমিল্লায় জামায়াত নেতা গ্রেপ্তার, ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকা গ্রাম থেকে গতকাল শুক্রবার জামায়াতের নেতা নজরুল ইসলাম ওরফে মামুনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর বসতঘর থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি গুলি উদ্ধার করা হয়।মামুন চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক। জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা শাখা গতকাল সংবাদ সম্মেলনে মামুনের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাকে সাজানো বলে দাবি করেছে।কুমিল্লা র্যাব কার্যালয়ে গতকাল বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের জানানো হয়, গতকাল ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) একটি দল পশ্চিম ডেকা গ্রামে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে। মামুনের বসতঘর থেকে উদ্ধার করা হয় চারটি গুলিভর্তি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, দুটি কাটারাইফেল, দেশে তৈরি ছয়টি পাইপগান, একটি ওয়ান শ্যুটার গান ও শর্টগানের পাঁচটি কার্তুজ। এ ছাড়া জামায়াতের মতাদর্শ ও শিবিরের পরিচিতিমূলক ৫২টি প্রচারপত্র ও বই উদ্ধার করা হয়।লিখিত বক্তব্যে র্যাব দাবি করে, ১৫ জুন আলকরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা এবং দেশের বর্তমান পরিস্থিতিকে উত্তপ্ত করে অরাজকতা সৃষ্টির জন্য এই অস্ত্র মজুদ করা হয়েছে। এই কাজে মামুনকে মদদ দেন জামায়াত-শিবিরের ক্যাডার ইকরামুল হক ওরফে কুসুম ও আলাউদ্দিন।অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) খোরশেদ আলম চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। এতে মামুনসহ তিনজনকে আসামি করা হয়।র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর সালাহউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে নিশ্চিত করেন, মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।চৌদ্দগ্রাম থানায় মামুন প্রথম আলোর কাছে নিজেকে নির্দোষ দাবি করেন।কুমিল্লা শহরের মোগলটুলিতে জামায়াতের কার্যালয়ে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলন করে দক্ষিণ জেলা জামায়াত। দলটির জেলা আমির মো. আবদুস সাত্তার অভিযোগ করেন, র্যাবের সঙ্গে থাকা এক ব্যক্তির ব্যাগভর্তি অস্ত্র মামুনের বাসায় রাখা হয়। সেই অস্ত্র উদ্ধারের কথা বলে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সাংসদ ও ক্ষমতাসীন দলের ইন্ধনে এটা করা হয়েছে। তিনি দাবি করেন, মামুনের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা ছাড়া কোনো মামলা নেই। এই অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো।