কুমিল্লায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষ, তিন পুলিশ গুলিবিদ্ধ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে আজ সোমবার বিকেল চারটার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কুমিল্লা শহরের চকবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।মিছিলের পর জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা চকবাজারের পাশে বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুর চালান। এতে বাধা দিতে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজিদ হোসেনসহ তিন কনস্টেবল গুলিবিদ্ধ হন। এ সময় কমপক্ষে ৫০ জন আহত হন।জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় তাঁরা বাসস্ট্যান্ডের ১০টি বাসে ভাঙচুর চালান। এ ছাড়া ব্র্যাক ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকে ভাঙচুর চালান তাঁরা। ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষের কারণে দোকানপাট বন্ধ হয়ে যায়। এখনো যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।তবে কুমিল্লা শহর শাখার আমির কাজী দীন মোহাম্মদ ওই ঘটনার জন্য পুলিশকে দায়ী করেছেন।