কুমিল্লায় জিপিএ-৫ ও পাসের হার কমেছে
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫-এর সংখ্যা কমেছে। একই সঙ্গে পাসের হারও কিছুটা কমেছে। তবে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। আজ সোমবার প্রকাশিত পরীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, এবার এ বোর্ড থেকে এসএসসিতে এক লাখ ২৯ হাজার ১০৮ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে এক লাখ ১০ হাজার ১৩১ জন। কৃতকার্যদের মধ্যে ৫২ হাজার ৫৫৮ জন ছাত্র এবং ৫৭ হাজার ৫৭৩ জন ছাত্রী। পাসের হার ৮৫.৬৪%। এতে ছেলেদের পাসের হার ৮৮.৩৪ এবং মেয়েদের পাসের হার ৮৩.৩২%। গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮৫.৮৫%।এবার কুমিল্লা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন পাঁচ হাজার ১৭৯ জন। এর মধ্যে তিন হাজার ৪৯ জন ছাত্র এবং দুই হাজার ১৩০ জন ছাত্রী। বিজ্ঞানে চার হাজার ৩১৫ জন, মানবিকে ৬০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮০৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল পাঁচ হাজার ৯৮১ জন। এবার ওই সংখ্যা কমেছে ৮০২টি।এ ব্যাপারে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ মমিনুল হক চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘মুখস্থ নির্ভর প্রবণতা ও সিলেবাস ভীতির কারণে জিপিএ-৫-এর সংখ্যা কমেছে। গ্রামাঞ্চলের স্কুলগুলো আরও প্রত্যাশিত ফল না করায় সার্বিকভাবে পাসের হারও কিছুটা কমেছে।’বেড়েছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ৫৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এবার শূন্য ভাগ পাস করা প্রতিষ্ঠান নেই। ক্যাডেট কলেজের সবাই জিপিএ-৫ : কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ফেনী গার্লস ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। উভয় প্রতিষ্ঠান বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নজরদারির কারণে এ ফল হয়েছে। ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার ও জিপিএ-৫ কম থাকায় সার্বিক ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে। তার পরও পরীক্ষার্থীদের ওই ফলাফলে সন্তুষ্ট আমি।’