কুমিল্লায় ড্রামভর্তি বোমা উদ্ধার
কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকায় গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে একটি পুকুরপাড় থেকে ড্রামভর্তি তাজা হাতবোমা ও সার্কিট বোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।কুমিল্লায় র্যাব-১১ সূত্রে জানা গেছে, ওই এলাকায় র্যাবের একটি দল অভিযান চালানোর সময় সীমান্ত থেকে এক কিলোমিটার অভ্যন্তরের ওই পুকুরপাড় থেকে এসব বোমা উদ্ধার করে। বোমাগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে র্যাবের পক্ষ থেকে বোমার সংখ্যা জানানো হয়নি। কুমিল্লায় র্যাব-১১-এর অধিনায়ক মেজর আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এদিকে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লা শহরের হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয়ের সামনে থেকে র্যাবের সদস্যরা ১০টি হাতবোমা উদ্ধার করেন। এ ছাড়া র্যাবের আরেকটি দল একই সময় কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার উদ্ধার করে। র্যাব সূত্রে জানা গেছে, তাদের একটি টহল দল বৃহস্পতিবার রাতে কুমিল্লা শহরে টহল দিচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে শহরের মুন্সেফবাড়ি এলাকার অদূরে হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় এলাকায় র্যাব সদস্যদের দেখে দুই যুবক একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। র্যাব সদস্যরা ব্যাগটি খুলে ১০টি হাতবোমা দেখতে পান।