কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৮
কুমিল্লা শহরের সুজানগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আজ শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একপক্ষ অন্যপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। ওই ছবি তুলতে গেলে কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের চার সাংবাদিকও আহত হন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর আগে দুপুরে র্যাব ওই এলাকা থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা শহরের সুজানগর এলাকায় স্থানীয় আজগর আলীর সঙ্গে একই এলাকার ফয়সাল হোসেনের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। আজ দুপুর দুইটার দিকে র্যাব-১১ কুমিল্লার সদস্যরা ওই এলাকায় অস্ত্র আছে—গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় র্যাব স্থানীয় মন্টু মিয়ার বাড়ির পাশের নালা থেকে বিশাল আকৃতির দুইটি রামদা, চায়নিজ কুড়াল, দুইটি দা ও সাতটি স্টিলের পাইপ উদ্ধার করে ফিরে যায়। এরপর প্রথমে ফয়সাল হোসেনের লোকজন আজগর আলীর বাড়িতে হামলা করে। একপর্যায়ে আজগর আলীর লোকজন সংঘবদ্ধ হয়ে ফয়সাল হোসেনের পক্ষের একজনকে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। তাঁরা ওই ব্যক্তিকে ফাঁসানোর জন্য তাঁর হাতে একটি এলজি দেয়। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকেরা ঘটনাস্থলে যান। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে আজগর আলীকে গ্রেপ্তার করলে এলাকার অর্ধশতাধিক ব্যক্তি তাঁকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ ও বিক্ষোভ করে। ওই ঘটনার ছবি তুলতে গিয়ে ফটোসাংবাদিক এন কে রিপন (সমকাল), হুমায়ূন কবীর জীবন (কুমিল্লার কাগজ) ও বাহার রায়হান (রূপসী বাংলা) এবং একই পত্রিকার নিজস্ব প্রতিবেদক দেলোয়ার হোসেন জাকিরসহ ১৫ জন আহত হন। আহত লোকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আজগর আলী (৩৯), উজ্জ্বল (২৯), আজিজুর রহমান (৩৪), মিন্টু (৫০), শাহাদাত্ (৩২), রেখা বেগম (৩৮), রাশেদা আক্তার (২৮) ও সুরাইয়া আক্তারকে (৩০) গ্রেপ্তার করে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ওই সংঘর্ষ হয়। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।