কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে শিশু নিহত
কুমিল্লার তিতাস উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে আরিফ (১০) নামের এক শিশু নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তিতাস থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, নদীতে মাছের ঝোপ, বোরো মাঠের স্কিম ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে উপজেলার মজিদপুর ইউনিয়নের চরবাটেরা গ্রামের জিলু মিয়া ও লিটন মিয়ার দলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এদিকে গত সোমবার জিলু মিয়াসহ গ্রামের কয়েকটি ঘর থেকে কিছু দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ। এতে লিটন মিয়ার দলের ওপর ক্ষিপ্ত হয়ে গতকাল রাত ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জিলু মিয়া ও তার দলের লোকজন লিটন ও তার দলের লোকজনের ঘরবাড়িতে হামলা চালায়। হামলায় ইউপি সদস্য সাইদুর রহমানের ছেলে আরিফ (১০) টেটা বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা নিয়ে যাওয়ার পথে আরিফ মারা যায়। এ ছাড়া এ ঘটনায় ১০টি ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পাওয়া যায়।গ্রামের সাবেক ইউপি সদস্য আমির হোসেন, আনু মিয়া জানান, জিলু মিয়া দীর্ঘদিন ধরে কাঠালিয়ার শাখা নদীতে মাছের ঘের দিয়ে আসছিল। এতে সাধারণ মানুষের মাছ শিকারসহ স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় একই গ্রামের লিটন মিয়াসহ কতিপয় গ্রামবাসী নদী থেকে ঘের তুলে নিতে বলে। কিন্তু জিলু মিয়া তাদের এ প্রস্তাবে রাজি হয় না। এ নিয়ে দীর্ঘদিন থেকে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলতে থাকায় তাদের মধ্যে চরম শত্রুতার সৃষ্টি হয়। তিতাস থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন আহাম্মেদ প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চরবাটেরা গ্রামের কয়েকটি ঘর থেকে দেশি অস্ত্র উদ্ধার করার পর উভয় পক্ষকে পুনরায় সংঘর্ষে লিপ্ত না হওয়ার অনুরোধ করা হয়। কিন্তু গ্রামবাসী তা আমলে নেয়নি।