কুমিল্লায় নৌমন্ত্রীর সভায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি কামাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে গতকাল শনিবার একটি পথসভায় উপস্থিত হন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ওই পথসভার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন একাধিক হত্যা মামলার আসামি জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কামাল উদ্দিন ওরফে পিচ্চি কামাল। সভায় মন্ত্রী ছাড়াও সরকারদলীয় একজন সাংসদসহ নেতারা উপস্থিত ছিলেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম বলেন, ‘পথসভায় পিচ্চি কামাল উপস্থিত থেকে বক্তৃতা করেন। তিনি কারাগার থেকে বের হয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করেন। আমি এখানে নতুন এসেছি। তাই এ ব্যাপারে বেশি কিছু বলতে পারছি না।’জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগে পিচ্চি কামাল জামিন পান। কায়কোবাদ সাহেবের (বিএনপির স্থানীয় সাংসদ) সময় তাঁকে শীর্ষ সন্ত্রাসী বানানো হয়েছে। আমি এখানে যোগ দেওয়ার আগে তিনি কারাগারে ছিলেন।’পথসভায় পিচ্চি কামালও বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে ছিলাম।’ সভায় পিচ্চি কামাল মন্ত্রীর সঙ্গে ছবি তোলেন।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিভিন্ন জেলা শহর সফরের অংশ হিসেবে গতকাল সকালে কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন। পথে বেলা ১১টায় তিনি কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে একটি পথসভায় যোগ দেন। এতে সভাপতিত্ব করেন শীর্ষ সন্ত্রাসী পিচ্চি কামালের ভাই ও কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান। পিচ্চি কামালের আইনজীবী মাসুদ সালাউদ্দিন জানান, পিচ্চি কামালের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বর্তমানে তিনটি মামলা বিচারাধীন। এর মধ্যে একটি হত্যা মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। গত ১৫ জুলাই তিনি কারাগার থেকে ছাড়া পান। তিনি জানান, একসময় তাঁর বিরুদ্ধে ২৫টির মতো মামলা ছিল। এর অধিকাংশ মামলার নিষ্পত্তি হয়েছে।মন্ত্রীর সঙ্গে পিচ্চি কামালের ছবি তোলার ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘পথসভায় মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি তোলার সময় পিচ্চি কামাল আমাদের সঙ্গে এসে দাঁড়ান।’পথসভায় অন্যান্যের মধ্যে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নূর উর রহমান মাহমুদ বক্তব্য দেন। জেলা প্রশাসন কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ২০ জুলাই এ পথসভার কথা উল্লেখ করে জেলা প্রশাসনে চিঠি পাঠানো হয়। এতে কোম্পানীগঞ্জের পথসভার ব্যবস্থাপনায় পিচ্চি কামালের নাম উল্লেখ রয়েছে। পিচ্চি কামালের সঙ্গে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া যায়নি। তবে তাঁর ভাই হাবিবুর রহমান বলেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা সব মামলা ষড়যন্ত্রমূলক। ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর পিচ্চি কামাল বিভিন্ন মামলায় কারাগারে যান। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেলা পুলিশ ২৬১ জন সন্ত্রাসীর একটি সন্ত্রাসী তালিকা প্রকাশ করে। এ তালিকায় পিচ্চি কামালের নাম ছিল।