কুমিল্লায় পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত
কুমিল্লায় গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। কুমিল্লা সেনানিবাসের নাজিরাবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ও কুমিল্লাগামী পাতিয়া পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ওই পাঁচ যাত্রী মারা যায়।আমতলী হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।এর আগে গতকাল রাত দুইটায় একই মহাসড়কে কোটবাড়ী রাস্তার মাথায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা স্বামী-স্ত্রী মোজাম্মেল হক (৫০) ও স্বপ্না (৪০) ঘটনাস্থলেই মারা যান। তাঁদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।অন্যদিকে জেলার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুরে কুমিল্লা-নোয়াখালী সড়কে আজ ভোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আবদুল মালেক (৪৫) ও সদর উপজেলার রোজিনা আক্তার (২৬)।জানা যায়, ভোর পাঁচটার দিকে ওই স্থানে ঢাকা থেকে নোয়াখালীগামী পলাশ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি রাস্তার পাশে পড়ে যায়। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছ।অন্যদিকে গতকাল রাত ১২টায় কুমিল্লা-লাকসাম সড়কের নোয়াগাঁওয়ে ট্রাকচাপায় আসমত আলী (৪৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।