কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কুমিল্লার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাগুর এলাকায় আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি।কুমিল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলো ডটকমকে বলেন, আজ ভোর ছয়টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর এক যাত্রীকে হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে গেছেন বলে জানান তিনি।এ ছাড়া সকাল সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাগুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বলেন, ওই ব্যক্তিকে চাপা দিয়ে চালক বাস নিয়ে পালিয়েছে।