কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং ও দাউদকান্দিতে আজ শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে বুড়িচং উপজেলার শিন্দুরিয়া পাড়া তুতবাগান এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার ছয় আরোহী নিহত হন। আর ভোর ছয়টার দিকে দাউদকান্দির হরিপুর এলাকায় ট্রাকের চাপায় বাসের তিন যাত্রী নিহত হন। বুড়িচং: আমতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সিরাজুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও পাঁচ যাত্রী মারা যান। এ সময় বাসটিও উল্টে পাশের জমিতে পড়ে যায়। এতে আহত হন ২০ যাত্রী। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। নিহতরা হলেন, উপজেলার জিয়াপুর গ্রামের সাবেক ইউপি সদস্য শাহআলম মিয়া (৪৫), চালক শাহআলম (৩২), আদর্শ সদরের শাকিল (১৯), ব্রাহ্মণপাড়ার আসাদনগর গ্রামের রুবেল (২০), মজিবুল রহমান (৩৫), একই উপজেলার সৈয়দপুর গ্রামের কলেজছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৬)।দাউদকান্দি: দাউদকান্দি হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক মামুনুর রশীদ প্রথম আলো অনলাইনকে বলেন, চাঁদপুরের শাহরাস্তি থেকে একটি মাইক্রোবাসে করে ঢাকায় সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন ডেসটিনি লিমিটেডের কয়েকজন সদস্য। মাইক্রোবাসটি মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী একটি ট্রাক সেটিকে পাশ থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ডেসটিনি লিমিটেডের সদস্য বাবু (২০) নিহত হন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই প্রতিষ্ঠানের আরও দুই সদস্যের মৃত্যু হয়। লাশ তিনটি দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।