কুমিল্লায় প্রমাণ হয়েছে সরকারের জনপ্রিয়তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর ভরাডুবি হয়েছে। বিএনপি থেকে অব্যাহতি নেওয়া প্রার্থীর কাছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী দ্বিগুণ ভোটে পরাজিত হয়েছেন। এর আগে নারায়ণগঞ্জেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয় হয়েছে। এ থেকে বোঝা যায়, এ সরকারের কোনো জনপ্রিয়তা নেই। আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা এম হামিদুল্লাহ খানের স্মরণসভায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সভার আয়োজন করে।মির্জা ফখরুল জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণকে অসত্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সত্যের ধারে কাছে দিয়েও যাননি। মিথ্যার আরেকটি নজির সৃষ্টি করছেন। মানুষ তাঁর কাছ থেকে নতুন কিছু আশা করেছিল। কিন্তু তিনি বরাবরের মতোই সেটা পূরণে ব্যর্থ হয়েছেন।গত তিন বছরে বিরোধী দলের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি—প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আপনি কি কখনো সহযোগিতা চেয়েছেন? অথচ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলীয় নেতা আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বলেছিলেন, আসুন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করি। কিন্তু আপনি সেই হাত অবজ্ঞাভরে ছুড়ে ফেলে দিয়েছেন।’মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহরাব উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।