কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও ১৮ জন আহত হয়েছে। উপজেলার ছয়ঘড়িয়ায় আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা বাসের তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) স্বপন (৩০) ও একজন বাস যাত্রী। তাঁর পরিচয় জানা যায়নি।পুলিশ জানায়, চান্দিনার ছয়ঘড়িয়া এলাকায় আজ ভোর চারটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে স্বপন ও অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, দুর্ঘটনা-কবলিত গাড়িগুলো উদ্ধারে চেষ্ট চলছে। আহত ব্যক্তিদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।