কুমিল্লায় বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য, ডিজিটাল বাংলাদেশ সকলের জন্য’ স্লোগান নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখায় গত ১৮-২০ মার্চ অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ৩২তম বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সপ্তাহ-২০১১। বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় কুমিল্লা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। মেলায় পদার্থ, রসায়ন, উদ্ভিদ ও প্রাণিবিজ্ঞান এবং আইসিটির ওপর মোট ৬৪টি প্রকল্প স্থান পায়। কুমিল্লা মডার্ন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রীদের ‘ডিজিটাল ক্লাস রুম’ প্রকল্পটি দর্শনার্থীদের মুগ্ধ করেছে। তা ছাড়া কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩০০ টাকা খরচ করে ‘অল্প খরচে স্পিডবোট’ তৈরি এবং ৪০ টাকা খরচ করে বাঁশের তৈরি থার্মোফ্ল্যাক্স প্রকল্প প্রদর্শন নজর কাড়ে সবার। মেলা চলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। গত ১৮ মার্চ মেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ও জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান। ২০ মার্চ কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান। তিনি বলেন, ‘খুদে শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে হলে নানা ধরনের প্রকল্প বানাতে উৎসাহ দিতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তবেই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে।’ এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুণ্ডু গোপীদাস, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আবদুস সবুর খান। পরে বিজয়ীদের হাতে বই ও সার্টিফিকেট দেওয়া হয়।গাজীউল হক