কুমিল্লায় ভোট গ্রহণ শেষ, এখন ফলাফলের অপেক্ষা
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।মোট ৬৫টি কেন্দ্রের মধ্যে বেলা পৌনে দুইটা পর্যন্ত প্রথম আলোর পাঁচজন প্রতিবেদক ও তিনজন আলোকচিত্রী ৩০টি কেন্দ্র ঘুরেছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি নজরে পড়েনি। এমনকি মেয়র পদপ্রার্থীদের কেউ এ সময় পর্যন্ত কোনো অভিযোগ তোলেননি।এটা নবগঠিত কুমিল্লায় সিটি করপোরেশনের প্রথম নির্বাচন। এই নির্বাচনে সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হলো। অনেক কেন্দ্রে ইভিএম নিয়ে কিছুটা সমস্যায় পড়েছেন বয়স্ক, অল্প শিক্ষিত ও লেখাপড়া না জানা নারী ভোটাররা। তাঁরা গোপন কক্ষে মেশিনে বোতাম চাপ দিতে গিয়ে বারবার ভুল করছিলেন। আর সংশ্লিষ্ট ভোট গ্রহণ কর্মকর্তা তা শোধরানোর জন্য একেকজন ভোটারকে একাধিকবার সুযোগ দিতে গিয়ে অনেক বুথে ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে। এ কারণে ওই বুথের সামনে তৈরি হয়েছিল লম্বা লাইন।শাকতলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টার দিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী নাজনীন আক্তার অভিযোগ করেন, ওই কেন্দ্রে ইভিএমে ভোট দিতে নারী ভোটারদের বেশ ভোগান্তি হয়েছে। তাঁর ধারণা, এ কারণে এক প্রতীকে ভোট দিতে গিয়ে ভুলে অন্য প্রতীকের বোতামে চাপ দিয়েছেন কিছু বয়স্ক ও স্বল্প শিক্ষিত নারী ভোটার। তিনি বলেন, ইভিএম নিয়ে আলোচনা-সমালোচনায় যত সময় ব্যয় হয়েছে, এর প্রচারে ততটা সময় দেওয়া হয়নি।এই ভোট কেন্দ্রটিতে মোট নারী ভোটার ২ হাজার ২৫৮ জন।লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ভোটার বলেন, সকাল সকাল ভোট দিয়ে তাঁরা জলদি বাড়ি ফেরার পরিকল্পনা করে সকাল আটটায় কেন্দ্রে চলে আসেন। কিন্তু অনেকেই ভোট দিতে গিয়ে ভুল করায় অনেক সময় লেগেছে।ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আবুল কালামও ইভিএম নিয়ে অনেক নারী ভোটারের সমস্যা হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা আগে মক ভোটিং করেছিলাম। তবে সেখানে নারী ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। ফলে এখন ভোটারদের আবার শিখিয়ে পড়িয়ে দিতে হয়েছে।’কাছাকাছি গোবিন্দপুর কেন্দ্রে গিয়েও একই চিত্র দেখা গেছে। সেখানে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা তাঁর টেবিলের ওপর ইভিএমে ভোট দেওয়ার নমুনা কাগজ রেখে ভোটারদের দেখিয়ে দিয়েছেন, কীভাবে ভোট দিতে হবে।ইভিএম ব্যবহারে ব্যর্থ হয়ে বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জিন্নাতুনেচ্ছা (৭০) একজন পর্যবেক্ষকের সহায়তা নিয়েছেন।অবশ্য এতে নারী ভোটারদের উচ্ছ্বাসের কমতি ছিল না। পদুয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলের কাঁধে ভর করে ভোট দিতে এসেছিলেন বৃদ্ধ মা হোসনে আরা বেগম। এত কষ্ট করে ভোট দিতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘না দিলে তো ভোটটা নষ্ট হয়ে যাবে।’একই কেন্দ্রে এক মাস বয়সী সন্তানকে নিয়ে ভোট দিতে এসেছিলেন লিপি রানী।ইভিএম ব্যবহারের ক্ষেত্রে পুরুষ ভোটারদের অভিযোগ ছিল নগণ্য। সকাল সাড়ে আটটায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলের কেন্দ্রে ইভিএমে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেন সুমন দেব রায়। তিনি বলেন, ‘ভালো লেগেছে। সময় অনেক কম লেগেছে। ব্যালট পেপারে মার্কা চিহ্নিত করে তারপর কালি লাগিয়ে ভোট দেওয়ার মতো ঝামেলা নেই।’এ কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবুল বাশার বলেন, ‘ভোট দিতে সময় লাগে ২০-৩০ সেকেন্ড। ভোট দেওয়ার নিয়ম-কানুন টাঙিয়ে রাখা আছে।’সকাল পৌনে নয়টা থেকে ১০টার মধ্যে হোচ্চামিয়া উচ্চবিদ্যালয়, অহিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল ভোটারদের উপস্থিতি।কেন্দ্রগুলোর শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তত্পর ছিল। ভোটারদের লাইনে দাঁড়ানো ও বুথ চিনিয়ে দেওয়ার ক্ষেত্রেও তাঁরা ভূমিকা রাখেন।সকাল আটটায় শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল চারটা পর্যন্ত চলে। নির্বাচনে মেয়র পদে নয়জন এবং ২৭ ওয়ার্ডে ২৮৭ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার এক লাখ ৬৯ হাজার ২৭৯ জন।